পুলিশ সদস্য জুয়েলের বহিষ্কার ও ওসি প্রত্যাহারের দাবি

পুলিশ সদস্য জুয়েলের বহিষ্কার ও ওসি প্রত্যাহারের দাবি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় টুরিস্ট পুলিশে কর্মরত কনস্টেবল মামুন হাসান জুয়েলের চাকরি থেকে বহিষ্কার এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রবিবার (৭ জুন ২০২৬) দুপুরে শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশার সার্বিক নেতৃত্বে আয়োজিত এই মানববন্ধনে প্রায় ৮০০ থেকে ৯০০ নেতাকর্মী অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, রিয়াজুল ইসলাম, উপজেলা সমবায় বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার এবং উপজেলা কৃষকদলের আহ্বায়ক আমিরুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৯ মে শার্শায় সংঘটিত একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। তাঁরা অবিলম্বে এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জোর দাবি জানান। একই সাথে ঘটনার মূল হোতা হিসেবে অভিযুক্ত ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মামুন হাসান জুয়েলকে চাকরি থেকে বহিষ্কার এবং শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রত্যাহারের দাবি তোলেন বিএনপি নেতারা।

উল্লেখ্য, গত ২৯ মে শার্শার শ্যামলগাছী এলাকায় পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলকে মারধরের একটি ঘটনা ঘটে। পরবর্তীতে গত ৪ জুন ওই ঘটনার জেরে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ ৬ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ সদস্যের ভাই। অন্যদিকে, বিএনপি নেতার পরিবারের পক্ষ থেকেও ওই পুলিশ সদস্যসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে পাল্টা হামলার অভিযোগ আনা হয়েছে। এই পাল্টাপাল্টি আইনি লড়াইয়ের জেরে আজ রাজপথে নামল উপজেলা বিএনপি।

কর্মসূচিকে কেন্দ্র করে শার্শা উপজেলা পরিষদ ও তার আশপাশের এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় থানা পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী লক্ষ্য করা গেছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *