পুলিশের সাঁড়াশি অভিযানে আরও ৪ জন আটক

পুলিশের সাঁড়াশি অভিযানে আরও ৪ জন আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরে যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সমাবেশের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও জোরদার হয়েছে। বুধবার দিবাগত রাতে শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আরও চারজনকে আটক করেছে পুলিশ।

নতুন করে আটককৃতদের মধ্যে রয়েছেন সদর উপজেলার ভেকুটিয়া এলাকার মনিরুল ইসলাম ও শাহাজাহান এবং সুজলপুর এলাকার দুই ভাই সুমন ও ইমন।

​উল্লেখ্য যে, এর আগে একই ঘটনায় বুধবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ আরও পাঁচজনকে নিজেদের হেফাজতে নিয়েছিল। ফলে এ ঘটনায় মোট আটকের সংখ্যা দাঁড়িয়েছে নয়জনে। তাদের সবাইকে কোতোয়ালি থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

​পুরো ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। ওইদিন আওয়ামী লীগের একটি ফেসবুক পেজ থেকে যশোরে যুবলীগের ব্যানারে দুটি পৃথক কর্মসূচির ভিডিও প্রচার করা হয়। ভিডিওগুলোতে শহরের গরীবশাহ রোডে একদল যুবককে মিছিল ও স্লোগান দিতে দেখা যায়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কঠোর নির্দেশনায় অভিযানে নামে একাধিক টিম।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিষিদ্ধ সংগঠনের পক্ষে গোপনে কার্যক্রম পরিচালনা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে মিছিলে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় এবং থানা পুলিশের যৌথ তৎপরতায় শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এ ধরনের গোপন তৎপরতা বন্ধে অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *