স্ফুলিঙ্গ রিপোর্ট :
পুষ্টি উন্নয়ন, আধুনিক কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব ও টেকসই কৃষি সম্প্রসারণের মহাপরিকল্পনা নিয়ে যশোরে ৭০ জন সফল কৃষক-কৃষাণীকে নিয়ে পার্টনার প্রকল্পের আওতায় এক জাঁকজমকপূর্ণ কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জুন ২০২৬ রোববার যশোর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর সদর উপজেলা অফিসের ব্যবস্থাপনায় ও আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ এই কংগ্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের কৃষি খাতের আধুনিকায়ন নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে নিজের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসান।
কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন এবং আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম এবং কৃষক প্রতিনিধি এরশাদ আলীসহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।
কংগ্রেসে বক্তারা বলেন, ফিল্ড স্কুল কার্যক্রমের বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রান্তিক কৃষকদের আধুনিক, লাভজনক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন ও দক্ষ করে তোলা হচ্ছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ পর্যায়ে কৃষিভিত্তিক নতুন নতুন উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের সার্বিক জীবনমান ও অর্থনৈতিক উন্নয়নে পার্টনার প্রকল্প দেশজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করছে।
কৃষি বিশেষজ্ঞরা আরও জোর দিয়ে বলেন, আধুনিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বৃদ্ধি, দেশের জনগণের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সুদূরপ্রসারী ও টেকসই কৃষি ব্যবসা গড়ে তোলার মাধ্যমেই দেশের সামগ্রিক কৃষি খাতকে আন্তর্জাতিক মানে আরও শক্তিশালী করা সম্ভব। আর এই অভীষ্ট লক্ষ্য অর্জনে মাঠপর্যায়ের কৃষকদের প্রয়োজনীয় সকল ধরনের উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তিগত ও কারিগরি সহায়তা জেলা কৃষি অফিসের পক্ষ থেকে নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে। উল্লেখ্য, এই বিশেষ কংগ্রেসে যশোর সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মাঠপর্যায়ের বাছাইকৃত ৭০ জন প্রগতিশীল কৃষক ও কৃষাণী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করেন এবং আধুনিক কৃষি চাষাবাদের নানা খুঁটিনাটি বিষয় রপ্ত করেন। ছবি সংগৃহীত।

