স্ফুলিঙ্গ রিপোর্ট :
আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার মাধ্যমে টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পথনকশা তৈরিতে যশোরে “শিক্ষা থেকে সম্ভাবনা: আঞ্চলিক আলাপন ও করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) শহরের আরআরএফ (RRF) প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, প্রশাসন, উন্নয়ন সেক্টর এবং সামাজিক খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা অংশ নিয়ে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় মূল আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে হলে প্রচলিত শিক্ষার গুণগত মানোন্নয়নের কোনো বিকল্প নেই। শুধু সার্টিফিকেট অর্জন নয়, বরং তরুণদের এমনভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে যাতে তারা বর্তমান শ্রমবাজারের বৈশ্বিক চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ জনশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। শিক্ষার সাথে কর্মসংস্থানের কার্যকর সংযোগ স্থাপনই এখন সময়ের দাবি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক অনিতা মল্লিক, ইনস্টিটিউট অব ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইআইডি)-এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জি. এম. আলমগীর কবির এবং আইআইডির সিনিয়র যুগ্ম পরিচালক মারইয়াম তাসনিম।
বক্তারা তাঁদের আলোচনায় তুলে ধরেন যে, দক্ষ মানবসম্পদ ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবের সুফল ভোগ করা অসম্ভব। তাই শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কারিগরি নির্ভর করার আহ্বান জানান তাঁরা।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আরআরএফ-এর মাইক্রোফাইন্যান্স পরিচালক অরুণ কুমার বিশ্বাস, উপ-পরিচালক মকবুল আহমেদ, এবং প্রকল্প সমন্বয়কারী খালেদা নার্গিস। এছাড়াও আলোচনা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, টিটিসি যশোরের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ, এবং জয়তি সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস।
রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু সহ বিভিন্ন স্তরের উন্নয়ন ও সংস্কৃতিকর্মীবৃন্দ।
কর্মশালার সমাপনী অধিবেশনে অংশগ্রহণকারীরা একমত হন যে, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রচেষ্টার চেয়ে সমন্বিত উদ্যোগই শিক্ষার আমূল পরিবর্তন ঘটাতে পারে। শিক্ষা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে তৃনমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয় এই আয়োজন থেকে। অংশগ্রহণকারীরা আইআইডি ও আরআরএফ-এর এই ধরনের সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।ছবি সংগৃহীত।

