গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যের ডাক

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ঐক্যের ডাক

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

ঐতিহাসিক ১৬ জুন ‘কালো দিবস’ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এক তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এই সভায় সাংবাদিক নেতৃবৃন্দ গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বক্তারা কালো দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, ইতিহাসের বিভিন্ন বাঁকবদলে সংবাদপত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হলেও সাংবাদিক সমাজ সর্বদা সত্যের সপক্ষে লড়াই করে গেছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ইতিহাসের প্রতিটি সংকটময় মুহূর্তে সাংবাদিকরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করেছেন। এই ধারা অব্যাহত রাখতে হবে।”

অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট কবি, গবেষক ও সাংবাদিক বেনজিন খান বলেন, “গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের মৌলিক অধিকার রক্ষায় সাংবাদিকদের মধ্যে কোনো বিভেদ থাকা চলবে না। ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই পারে একটি সুস্থ ও সবল রাষ্ট্র কাঠামো নিশ্চিত করতে।”

আলোচনা সভায় আরও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক যুগ্ম সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নূর ইসলাম, বর্তমান সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাইফুল ইসলাম সজল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, আশরাফুল আজাদ এবং তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

বক্তারা সম্মিলিত কণ্ঠে বলেন, কালো দিবস শুধু একটি ক্যালেন্ডারের পাতা নয়, এটি স্বাধীন সাংবাদিকতার চেতনাকে শাণিত করার প্রেরণা। তাঁরা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ওয়েজবোর্ডসহ অন্যান্য ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাজপথে ও কলমে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষাংশে শহীদ ও প্রয়াত সাংবাদিকদের রুহের মাগফিরাত কামনা এবং সাংবাদিকতার সুন্দর আগামীর প্রত্যাশা ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *