স্ফুলিঙ্গ রিপোর্ট :
কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল ও ভয়াবহতা ছড়িয়ে দিয়ে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে যশোরে এক ব্যতিক্রমী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) যশোর জেলা কার্যালয় এবং যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের যৌথ উদ্যোগে অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে ‘মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এই বিশেষ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মাদককে ‘না’ বলার শপথ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার মূল লক্ষ্য ও তাৎপর্য তুলে ধরেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব খান মাসুম বিল্লাহ। যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব তাওমীদ হাসানের সঞ্চালনা ও আলোচনায় সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব পারভিন আক্তার এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জনাব মিনারা খন্দকার।
কর্মশালায় বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার, তরুণ প্রজন্মের ওপর এর নেতিবাচক মনস্তাত্ত্বিক ও শারীরিক প্রভাব এবং মাদকাসক্তির কারণে পারিবারিক ও সামাজিক অবক্ষয়ের নানাবিধ ক্ষতিকর দিক নিয়ে সচিত্র ও বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কর্ণধার। কোনো শিক্ষার্থী যেন অসৎ সঙ্গ বা কৌতূহলের বশে মাদকের মরণ কামড়ে পা না বাড়ায়, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের নিজেদেরও পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।” তিনি শিক্ষাঙ্গনে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে জেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভিন আক্তার তাঁর বক্তব্যে মাদকের চোরাচালান রোধে এবং মাদক বিক্রেতাদের তথ্য দিয়ে সুনাগরিক হিসেবে পুলিশ ও প্রশাসনকে সহায়তা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
কর্মশালার শেষাংশে শিক্ষার্থীদের মাঝে দীর্ঘমেয়াদি সচেতনতা বজায় রাখার উদ্দেশ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সৌজন্যে বিশেষ উপহার সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীদের প্রাত্যহিক পড়াশোনায় ব্যবহারের জন্য বিভিন্ন শিক্ষণীয় মাদকবিরোধী সচেতনতামূলক স্লোগান সম্বলিত রঙিন খাতা ও কলম উপহার দেওয়া হয়। এই সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী সচেতনতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছে সচেতন মহল। ছবি সংগৃহীত।


