ডিবি পরিচয়ে চালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট

ডিবি পরিচয়ে চালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট

স্ফুলিঙ্গ ডেক্স :

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাক চালক ও সহকারীর হাত-পা বেঁধে চোখ উপড়ে ফেলার ভয় দেখিয়ে ১৪ হাজার লিটার পামওয়েল লুটের ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১২ এপ্রিল রাতে চালক ইছরাফিল হোসেন ও তার সহকারী আবু বক্কর ঢাকা থেকে ৭৫ ব্যারেল (১৩ হাজার ৯৫০ লিটার) পামওয়েল নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা হন। শরীয়তপুরের নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান দিয়ে তাদের গতিরোধ করে ডাকাত দলটি। ডিবি পরিচয় দিয়ে ডাকাতরা ট্রাকটির নিয়ন্ত্রণ নেয় এবং চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে রাত ২টার দিকে শিবচরের মাদবরেরচর এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে হাত-পা ও চোখ বেঁধে তাদের ফেলে রেখে তেলবোঝাই ট্রাকটি নিয়ে চম্পট দেয়।

ঘটনার পর পুলিশ অভিযানে নামে। শনি ও রোববার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আজিজুল (৩১) ও মোকলেস (৩৩) নামে দুই ডাকাতকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত ট্রাক ও তেলের আংশিক টাকাসহ চাঞ্চল্যকর কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে, যা সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে লুণ্ঠিত ট্রাক ও নগদ টাকা,৪টি সাউন্ড গ্রেনেড ও ৩ রাউন্ড টিয়ারশেল,পুলিশের ব্যবহৃত একটি হেলমেট।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তাররা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে অত্যন্ত সুকৌশলে এই ডাকাতি সম্পন্ন করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *