ঝিকরগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই!

ঝিকরগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই!

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের ঝিকরগাছায় ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে আবু হাসেম (৫৫) নামে এক ফল ও সবজি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আবু হাসেম ঝিকরগাছা উপজেলার লাউজানী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ দিন ধরে স্থানীয় লাউজানী বাজারে ফলমূল ও কাঁচা তরকারি বিক্রি করে আসছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (৭ জুন ২০২৬) রাত সোয়া ৯টার দিকে প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে লাউজানী বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন আবু হাসেম। পথিমধ্যে পাকা রাস্তা থেকে সোলিং সড়কে নামার কিছু দূরে অন্ধকারচ্ছন্ন স্থানে আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র (দা) ও লোহার রড দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে তাঁর কাছে থাকা ব্যবসার বিক্রিত সমস্ত নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় তারা।

আবু হাসেমের আর্তচিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিকরগাছা থানায় নিয়ে গেলে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা তাঁর শারীরিক অবস্থা দেখে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহতের স্বজনরা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি জানার পরপরই পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। ছিনতাইয়ের সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান শুরু হয়েছে। এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *