চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ
যশোরের চৌগাছায় অভিযান চালিয়ে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোনসহ মামুন হোসেন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝালী (পূর্বপাড়া) গ্রামের ইমরান হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন হোসেন ওই গ্রামের মৃত আলী হোসেন ওরফে আলী বক্সের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চৌগাছা থানার এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে থাকাকালীন মামুন হোসেনকে আটক করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৪৩ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুন হোসেনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


