স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের চৌগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুপেয় পানির কষ্ট লাঘবে এগিয়ে এসেছে মানবিক সংগঠন ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি’। সংগঠনটির উদ্যোগে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মাঝে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি তার বক্তব্যে বলেন, “বিশুদ্ধ পানি সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য। জনস্বাস্থ্য রক্ষায় দোস্ত এইডের এই সময়োপযোগী উদ্যোগ প্রশংসার দাবি রাখে। চৌগাছার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে এই টিউবওয়েলগুলো বড় ভূমিকা পালন করবে।”
পুড়াহুদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গোলাম মোর্শেদ (শিক্ষক, চৌগাছা কামিল মাদ্রাসা),মো. রেজাউল ইসলাম (অধ্যক্ষ, এ.বি.সি.ডি কলেজ),মাওলানা নুরুজ্জামান আল মামুন (সহকারী অধ্যাপক, সিংহঝুলি আলিম মাদ্রাসা),মুহাম্মদ খায়রুল বাশার (সহকারী অধ্যাপক, জীবননগর ডিগ্রি কলেজ)।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা অফিসের এক্সিকিউটিভ মো. রমজান আলী।
বিনামূল্যে টিউবওয়েল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা জানান, দীর্ঘদিন ধরে সুপেয় পানির অভাবে তারা নানা রোগে আক্রান্ত হতেন। এখন থেকে বাড়ির কাছেই বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় তাদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে। তারা এই ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে আরও বড় পরিসরে করার জন্য সংগঠনটির প্রতি আহ্বান জানান।
ছবি সংগৃহীত।


