চিকিৎসা পেশার ক্লান্তি ভুলে গুণী চিকিৎসকদের কবিতা, গজল ও কৌতুকের অনবদ্য আসর

চিকিৎসা পেশার ক্লান্তি ভুলে গুণী চিকিৎসকদের কবিতা, গজল ও কৌতুকের অনবদ্য আসর

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

চিকিৎসা পেশার দীর্ঘ কর্মব্যস্ততা ও ক্লান্তি ভুলে অন্যরকম এক আনন্দ, উচ্ছ্বাস আর উৎসবমুখর উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক কল্যাণ সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। গতকাল যশোর শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে এই মিলনমেলার আয়োজন করা হয়। প্রবীণ ও বরেণ্য চিকিৎসকদের প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, আজীবন সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, মনজ্ঞ সংগীতানুষ্ঠান, কবিতা আবৃত্তি ও গজলের সুরের মূর্ছনায় সমগ্র আয়োজনটি একটি অনন্য ও স্মরণীয় উৎসবে রূপ নেয়।

অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক কল্যাণ সমিতি যশোরের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এএইচএম আব্দুর রউফের সভাপতিত্বে এবং সদস্য সচিব ডাক্তার প্রভাত কুমারের অত্যন্ত চমৎকার ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চিকিৎসা পেশার গুরুত্ব এবং অবসরের পর সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোকপাত করে বক্তৃতা করেন বিশিষ্ট গাইনী চিকিৎসক রবিউল ইসলাম ও ডাক্তার মেসবাহ উর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বৈজ্ঞানিক ও প্রাতিষ্ঠানিক সহযোগী হিসেবে বক্তব্য রাখেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডাক্তার সাকিবুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির ন্যাশনাল সেলস ম্যানেজার জামাল উদ্দিন মিয়া।

যাঁরা সারাজীবন রোগীদের সেবা দিয়ে এসেছেন, তাঁদের ভেতরের সুপ্ত সাংস্কৃতিক প্রতিভা যেন এদিন মূর্ত হয়ে উঠেছিল অনুষ্ঠানজুড়ে। জ্ঞানগর্ভ আলোচনা সভা শেষে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে চমৎকার সংগীত পরিবেশন করে হলভর্তি দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন প্রফেসর ডাক্তার আক্তারুজ্জামান, ডাক্তার আহসান হাবিব ও আফজাল হোসেন। এরপর মঞ্চে এসে চমৎকার ভাবগাম্ভীর্যে কবিতা আবৃত্তি করেন ডাক্তার ইয়াকুব আলী মোল্লা। গাম্ভীর্যপূর্ণ গজলের সুরেলা পরিবেশনায় হলরুমে অন্যরকম এক আবহ তৈরি করেন ডাক্তার দীপক মন্ডল। সবশেষে পুরো মিলনায়তনকে হাসির হুল্লোড়ে ভাসিয়ে দিয়ে কৌতুক পরিবেশন করেন প্রফেসর এনকে আলম।

চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদান এবং সংগঠনের প্রতি নিরবচ্ছিন্ন ভালোবাসার স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে চারজন প্রবীণ ও বিশিষ্ট চিকিৎসককে সম্মাননা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে প্রফেসর ডাক্তার গিয়াস উদ্দিন, বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক হারুন অর রশিদ, ডাক্তার একেএম মেসবাহ উর রহমান এবং ডাক্তার জিজিএ কাদরীকে আনুষ্ঠানিকভাবে ‘আজীবন সদস্য’ হিসেবে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।

এই চমৎকার ও বিরল পুনর্মিলনী অনুষ্ঠান প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস ও গভীর মুগ্ধতা প্রকাশ করে বরেণ্য চিকিৎসক ডাক্তার একেএম মেসবাহ উদ্দিন বলেন, “যান্ত্রিক জীবনের বাইরে সম্পূর্ণ অদ্ভুত ও ভীষণ সুন্দর একটি অনুষ্ঠান আমি উপভোগ করলাম। প্রবীণ সহকর্মীদের এমন প্রাণোচ্ছল উৎসব আমাকে সত্যিই মুগ্ধ করেছে। মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য আমাদের নিজেদের পেশাগত ব্যস্ততার পাশাপাশি এমন চমৎকার উদ্যোগ আরও বেশি বেশি নেওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি।” পরিশেষে, এক আলো-আঁধারি ও স্মৃতিময় আবহের মধ্য দিয়ে চিকিৎসকদের এই মিলনমেলার সমাপ্তি ঘটে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *