স্ফুলিঙ্গ রিপোর্ট :
বেনাপোল ইমিগ্রেশনের সামনে পাসপোর্ট যাত্রীর সঙ্গে প্রতারণা ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বড় আঁচড়া গ্রামের ইমিগ্রেশন সংলগ্ন চৌধুরী সুপার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার সাদিপুর (আস্তানাপাড়া) এলাকার মৃত আবদার আলীর ছেলে মো. হাসান (২৬) এবং নামাজগ্রাম (পশ্চিমপাড়া) এলাকার মো. ইবাদত হোসেনের ছেলে মো. শরিফুল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার তাঁতীপাড়া এলাকার রিনা রানী দেবনাথ (৫৬) চিকিৎসার উদ্দেশ্যে ছেলে অংশু দেবনাথকে সঙ্গে নিয়ে বেনাপোলে আসেন। ইমিগ্রেশন এলাকায় পৌঁছালে অভিযুক্তরা বহির্গমন স্লিপ পূরণ ও টাকার সিরিয়াল মিলিয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র ও নগদ ৫০ হাজার টাকা নেয়। পরে কৌশলে ৪ হাজার টাকা আত্মসাৎ করে অবশিষ্ট ৪৬ হাজার টাকা ফেরত দেয়।
ভুক্তভোগী টাকার হিসাব কম দেখে প্রতিবাদ করলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহযোগিতায় খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে আটক করে।
পরে এসআই মিলন মোল্লার নেতৃত্বে তল্লাশি চালিয়ে আটক হাসানের কাছ থেকে এক হাজার টাকা এবং শরিফুল ইসলামের কাছ থেকে ১২টি ফাঁকা বহির্গমন কার্ড উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ৪০৬/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।

