কাল উদ্বোধন হচ্ছে উপশহরে দৃষ্টিনন্দন ‘স্টুডেন্ট শেড’

কাল উদ্বোধন হচ্ছে উপশহরে দৃষ্টিনন্দন ‘স্টুডেন্ট শেড’

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোর শহরের উপশহর এলাকায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াত ও অপেক্ষার সুবিধার্থে এক দৃষ্টিনন্দন ‘স্টুডেন্ট শেড’ (ছাত্র ছাউনি) নির্মাণ করা হয়েছে। আন্তর্জাতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব অব যশোর রূপান্তরের (ক্লাব আইডি- ৮৬৮৭৫) উদ্যোগে এই মানবিক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। আগামীকাল ২৪ জুন ২০২৬ বুধবার সকাল ১০টায় যশোর-ঢাকা রোডের হাউজিং অফিস গেট সংলগ্ন স্থানে এই দৃষ্টিনন্দন স্টুডেন্ট শেডের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে।

রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৬৪ (বাংলাদেশ)-এর অধীনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৃষ্টিনন্দন এই ছাত্র ছাউনিটির শুভ উদ্বোধন করবেন প্রেস ক্লাব যশোরের সম্মানিত সভাপতি রোটেরিয়ান পিপি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে বিশেষ সম্মানিত অতিথি (গেস্ট অব অনার) হিসেবে উপস্থিত থাকবেন রোটারী ডিস্ট্রিক্ট-৬৪-এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কোঅর্ডিনেটর রোটেরিয়ান পিপি ফজলে রাব্বী মোপাশা এবং ক্লাব অ্যাডভাইজর ও যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রোটেরিয়ান পিপি এ জেড এম সালেক।

ব্যতিক্রমী ও অত্যন্ত জনকল্যাণমুখী এই স্টুডেন্ট শেড প্রকল্পের মূল স্বপ্নদ্রষ্টা এবং প্রজেক্ট চেয়ারম্যান হলেন রোটারী ক্লাবের সাবেক সভাপতি ও ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর কাজী আজিজুর রহমান (রনি) পিএইচএফ। যশোর উপশহরের স্থায়ী বাসিন্দা কাজী রনি এলাকায় একজন নিবেদিতপ্রাণ ও অত্যন্ত জনপ্রিয় সমাজসেবক হিসেবে সুপরিচিত। মূলত তাঁরই আপ্রাণ চেষ্টা, পৃষ্ঠপোষকতা এবং অক্লান্ত পরিশ্রমে স্কুলপড়ুয়া বাচ্চাদের রোদ-বৃষ্টির হাত থেকে রক্ষা করতে এই আধুনিক বসার শেডটি নির্মাণ করা হয়েছে।

কাজী রনি তাঁর পারিবারিক ঐতিহ্য বজায় রেখে সবসময় এলাকার বিপদগ্রস্ত, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর পিতা মরহুম কাজী আব্দুল খালেক ছিলেন উপশহর ইউনিয়ন পরিষদের অত্যন্ত সফল, জনপ্রিয় ও দূরদর্শী সাবেক চেয়ারম্যান। চেয়ারম্যান থাকাকালীন এবং ব্যক্তিগত জীবনেও কাজী আব্দুল খালেকের সমাজসেবা ও জনকল্যাণকর্ম উপশহরের মানুষের হৃদয়ে আজও গেঁথে রয়েছে। পিতার সেই গৌরবময় আদর্শকে বুকে ধারণ করে যোগ্য উত্তরসূরি হিসেবে কাজী রনি উপশহরের জনকল্যাণ ও সামাজিক কর্মকাণ্ডে দিনরাত কাজ করে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, উদ্বোধনের ঠিক আগের দিন আজ ২৩ জুন বিকেলে অত্যন্ত চমৎকার কারুকাজ ও লাল রঙের টিনের ছাউনি দিয়ে তৈরি এই স্টুডেন্ট শেডটিতে রং করা ও শেষ মুহূর্তের সাজসজ্জার কাজ সম্পন্ন করেছেন শ্রমিকেরা। আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধনের পর এই ঢাকা রোড দিয়ে যাতায়াতকারী বিভিন্ন স্কুলের শত শত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা এখানে নিরাপদে বসার এবং রোদ-বৃষ্টি থেকে বাঁচার সুযোগ পাবেন। উপশহরের সাধারণ মানুষ স্কুলপড়ুয়া বাচ্চাদের কল্যাণে কাজী রনির এমন সুন্দর ও অতুলনীয় উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *