কলাপাড়ায় কালবৈশাখীর ছোবল : ৫ ঘর লণ্ডভণ্ড : ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার

কলাপাড়ায় কালবৈশাখীর ছোবল : ৫ ঘর লণ্ডভণ্ড : ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :
কলাপাড়ায় কাল বৈশাখী ঝড়ে অন্তত ৫ টি বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত অর্ধ শতাধিক বসত বাড়ির। উপড়ে পড়েছে শত শত গাছপালা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ ও সলিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে স্থানীয়রা জানায়, দুপুরে প্রচন্ড বৃষ্টির সঙ্গে হঠাৎ ঝড়ো হাওয়ায় নবাবগঞ্জ গ্রামের মন্নান বয়াতি, মরিয়ম ও মাধবের বসতঘর এবং সলিমপুর গ্রামের নির্মল বিশ্বাস ও বিমল বিশ্বাসের বসতঘর পুরোপুরি বিধ্বস্ত হয়। বর্তমানে তারা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে। এছাড়াও লতাচাপলী,লালুয়া,  মহিপুর, ধুলাসার ও মিঠাগঞ্জ ইউনিয়নের বেশ কিছু ঘর বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। হতদরিদ্র এসব পরিবার ব্যাপক বেকাদায় রয়েছেন।
ক্ষতিগ্রস্ত নির্মল বিশ্বাস বলেন, দুপুর থেকে আমাদের এলাকায় বৃষ্টি শুরু হয়। সোয়া একটার দিকে হঠাৎ প্রচন্ড আকারে বাতাস শুরু হয়। এতে আমার পুরো ঘর উড়ে পার্শ্ববর্তী বিলে পরে যায়। আমরা এখন খোলা আকাশের নিচে আছি। মন্নান বয়াতি বলেন, একটি কালো বাতাস আমার বসতঘর এবং রান্না ঘর একেবারে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে। ঘরের সকল মাল একেবারে শেষ। থাকার কোন যায়গা নেই। এখন প্রতিবেশীর ঘরে আশ্রয় নিয়েছি।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করা হচ্ছে। তাদের সহযোগিতার বিষয়ে উর্ধবতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। ছবি প্রতিবেদক।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *