এবার সমাজসেবা অধিদপ্তরের ৪ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

এবার সমাজসেবা অধিদপ্তরের ৪ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের প্রকৃত অসচ্ছল উপকারভোগী বাছাইয়ে চরম গাফিলতি, অনিয়ম ও অবহেলার অভিযোগে সমাজসেবা অধিদপ্তর যশোরের চার শীর্ষ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। এর আগে গত ২১ মে এক আদেশে তাঁদেরকে তাৎক্ষণিক বদলি ও স্ট্যান্ড রিলিজ (অবিলম্বে অবমুক্তি) করা হয়েছিল।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ইতি দত্ত সেন এবং যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন।

সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে টিসিবি বা ফ্যামিলি কার্ডের উপকারভোগী তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দেখা যায়, প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে ওই ইউনিয়নের অন্তত ৬২ জন আর্থিকভাবে সচ্ছল ও বিত্তবান ব্যক্তির নাম উপকারভোগী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জালিয়াতির সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ গাফিলতির প্রমাণ মেলে।

বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের পর প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ২১ মে তাঁদের স্ট্যান্ড রিলিজের আদেশ দেয় অধিদপ্তর। পরবর্তীতে অধিকতর তদন্ত ও আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁদের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন, “সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে দায়িত্ব পালনে অবহেলা, অনিয়ম ও সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন (২০২৬) তাঁদের চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তের কার্যক্রম এখনো চলমান রয়েছে। অভিযোগ পূর্ণাঙ্গভাবে প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও প্রচলিত আইনে নিয়মিত মামলাসহ চূড়ান্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসনের এই কঠোর পদক্ষেপে যশোরের সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। সচেতন মহলের মতে, সরকারি সাহায্য ও অনুদানে বিত্তবানদের নাম ঢুকিয়ে যারা গরিবের হক নষ্ট করছে, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ফাইল ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *