এখনো জমিটি ঘিরে রেখেছে যুবলীগ নেতা চিমা চক্র

এখনো জমিটি ঘিরে রেখেছে যুবলীগ নেতা চিমা চক্র

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

দীর্ঘদিনের হয়রানি, জমি দখল এবং বর্তমান পরিস্থিতিতে সন্তানদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন নাজমুন নাহার মুক্তি নামে এক ভুক্তভোগী নারী। বুধবার (১৩ মে) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত চিমা চক্রের হাত থেকে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে নাজমুন নাহার মুক্তি জানান, ৪ নম্বর নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে তার পৈত্রিক জমি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে বসবাস করে আসছিলেন যুবলীগ নেতা হাদিউজ্জামান চিমা ও তার পরিবার। আওয়ামী লীগের প্রভাবশালী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় বারবার অভিযোগ করেও এর আগে কোনো প্রতিকার পাওয়া যায়নি। এমনকি জমিটি উদ্ধারের চেষ্টাকালে তার বাড়িতে হামলা ও বোমা নিক্ষেপ করা হয়েছিল, যা নিয়ে বর্তমানে আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

জমিটি হাউজিং এস্টেটের অন্তর্ভুক্ত হওয়ায় ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১০ মে হাউজিং কর্তৃপক্ষ অভিযান চালিয়ে জমিটি দখলমুক্ত করে দেয়। অভিযোগ উঠেছে, জমি হাতছাড়া হওয়ার পর থেকেই চিমার সহযোগীরা নাজমুন নাহারের বড় সন্তানকে রাস্তাঘাটে মেরে ফেলার হুমকি দিচ্ছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছে। বর্তমানেও জমিটি চিমা চক্র ঘিরে রেখেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

নাজমুন নাহার মুক্তি দাবি করেন, তার স্বামীও এর আগে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। বর্তমানে সন্তানদের নিরাপত্তা নিয়ে তিনি চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। তিনি অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং তারা জাল দলিল তৈরি করে হয়রানি করার চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী নিজের ও সন্তানদের নিরাপত্তা, সম্পত্তির সুরক্ষা এবং দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তির বাবা তোফায়েল আহমেদ এবং প্রতিবেশী সিরাজ খাঁ ও আব্দুল্লাহ আল আজাদ। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *