স্ফুলিঙ্গ রিপোর্ট :
খুলনা রেঞ্জের নবাগত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমানের যশোর জেলা আগমন উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ কল্যাণ সভা ও ভাবগম্ভীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর দেড়টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে এ বিশেষ সভার আয়োজন করা হয়।
কল্যাণ সভায় যোগ দেওয়ার আগে নবাগত রেঞ্জ ডিআইজি পুলিশ অফিসার্স মেসে পৌঁছালে তাঁকে জেলা পুলিশের একটি চৌকস ও সুসজ্জিত আভিযানিক দল ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান জানায়।
পরবর্তীতে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি তাঁর স্বাগত বক্তব্যে জেলা পুলিশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবামূলক উদ্যোগ ও সার্বিক কার্যক্রম তুলে ধরেন।
সভায় জেলা পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং নন-পুলিশ কর্মচারীরা তাঁদের পেশাগত ও কল্যাণ সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সুবিধা-অসুবিধা ও যৌক্তিক দাবি-দাওয়া রেঞ্জ ডিআইজির সম্মুখে উপস্থাপন করেন। ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান অত্যন্ত ধৈর্য সহকারে সবার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানযোগ্য বিষয়গুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া অন্যান্য দাবিগুলোও ক্রমান্বয়ে বাস্তবায়নের আশ্বাস দেন।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো একক পুলিশ সদস্যের অপকর্ম বা অসদাচরণের কারণে পুরো বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ও ঐতিহ্য ক্ষুণ্ন হতে দেওয়া যাবে না।”
তিনি প্রতিটি সদস্যকে সর্বোচ্চ সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও জনবান্ধব মনোভাব নিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সাথে পুলিশ সদস্যদের যেকোনো ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধার বিষয়ে তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলামের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন,জেলার সকল সার্কেল কর্মকর্তা, যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খানসহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ,রেঞ্জ ডিআইজির স্টাফ অফিসার, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, আরআই পুলিশ লাইন্স, ডিবি ও ডিএসবিসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।ছবি সংগৃহীত।

