স্ফুলিঙ্গ রিপোর্ট :
পৃথক অভিযানে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট ও ২ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কুন্ডুপাড়া ও তপস্বীডাঙ্গা এলাকায় এ অভিযানগুলো চালানো হয়।
সকাল ৮টার দিকে চুড়ামনকাটি ইউনিয়নের কুন্ডুপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী মো. মিন্টু মিয়ার (৪৬) বসতঘরে তল্লাশি চালায় ডিএনসি। এ সময় তাঁর ঘর থেকে ৪৪ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধারসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়।
অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের তপস্বীডাঙ্গা এলাকায় সাতক্ষীরা থেকে যশোরগামী ‘জিম এন্টারপ্রাইজ’ নামের একটি লোকাল বাসে অভিযান চালানো হয়। অভিযানে ফিরোজা খাতুন মায়া (৩৯) নামে এক নারীর দেহ তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি স্মার্টফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় যশোরের কর্মকর্তারা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। মাদকের বিস্তার রোধে এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে ডিএনসির পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।


