নিজস্ব প্রতিবেদক, মাগুরা:
মাগুরা জেলা পুলিশের একটি ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আমিরুল ইসলাম (৫২) নামের এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার (১৬ জুন) মাগুরা সদর থানাধীন কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় এই সফল অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আসামি মো. আমিরুল ইসলাম মাগুরা সদর উপজেলার পারনান্দুয়ালী শেখ পাড়া গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার মাগুরা সদর থানাধীন ৩ নম্বর কছুন্দী ইউনিয়নের দুর্গাপুর এলাকায় জনৈক আব্দুর রউফ শিকদারের খামারের মাঝখানে একটি আমগাছের নিচে মাদক কেনাবেচা হচ্ছে—এমন একটি সুনির্দিষ্ট গোপন সংবাদ আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে মাগুরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওছার আলমের নেতৃত্বে এসআই মো. মেহেদী হাসান, এএসআই আলী শেখ, এএসআই মো. সাইফুল ইসলাম, কনস্টেবল অচিন্ত কুমার ও কনস্টেবল মো. সাকিব আহমেদের সমন্বয়ে গঠিত ডিবির টিমটি সেখানে ঝটিকা হানা দেয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. আমিরুল ইসলামকে অবরুদ্ধ করে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৪৭ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
মাগুরা জেলা ডিবি পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মাগুরা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জেলাজুড়ে মাদক সিন্ডিকেটের মূল উৎপাটন এবং যুবসমাজকে রক্ষায় পুলিশের এমন মাদকবিরোধী বিশেষ ও ঝটিকা অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।


