স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে নয় বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফিরোজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার সুরাট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত ফিরোজের মূল বাড়ি বরিশালে হলেও তিনি যশোর শহরের বিরামপুর এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং পেশায় একজন চালক।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল দুপুরে বিরামপুর সাইকেল হাট এলাকায় ভুক্তভোগী শিশুটি তার দুই ভাইয়ের সাথে একটি ফাঁকা স্থানে খেলা করছিল। এ সময় ফিরোজ কৌশলে শিশুটিকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবারটিকে মামলা না করার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে। তবে যশোর কোতোয়ালি থানা পুলিশের দৃঢ় হস্তক্ষেপে মামলাটি নথিভুক্ত করা হয় এবং ঘটনার পর থেকেই পলাতক ছিলেন ফিরোজ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই তানিম জানান, অপরাধ সংগঠনের পর ফিরোজ তার খালার বাড়ি ঝিনাইদহে গিয়ে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে একটি ধানখেতে কাজ করা অবস্থায় তাকে আটক করে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্মম এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। ছবি সংগৃহীত।
