স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের অন্যতম ব্যস্ত এলাকা বাবলাতলা হাউজিং গেট সংলগ্ন স্থানে স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন রোটারি ক্লাব অব যশোর রূপান্তর। ক্লাবটির নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় উক্ত এলাকায় একটি আধুনিক, নান্দনিক ও দৃষ্টিনন্দন ‘ছাত্র-ছাওনি’ নির্মাণ করা হয়েছে, যা ইতোমধ্যে শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ও প্রশংসা জাগিয়েছে। আজ ২৪ জুন ২০২৬ বুধবার এই আধুনিক প্রকল্পটির শুভ উদ্বোধন করা হয়।
প্রকল্পটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-ছাওনিটির শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জনাব জাহিদ হোসেন টুকুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবটির এডভাইজার ও যশোর ইনস্টিটিউটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোটারিয়ান এ জেড এম সালেক, ক্লাব প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, প্রজেক্ট চেয়ারম্যান রোটারিয়ান কাজী আজিজুর রহমান রনি, ক্লাবের সেক্রেটারি নাজমুস সাকিব তপু, মেজর ডোনার শরিফুল আলম বুলু এবং প্রেসিডেন্ট ইলেক্ট বাপ্পি। এছাড়া অনুষ্ঠানে রোটারি ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও সেক্রেটারিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গুরুত্বপূর্ণ এলাকায় বিভিন্ন বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও আরামদায়ক কোনো অপেক্ষার স্থান ছিল না। রোদ, বৃষ্টি কিংবা যেকোনো প্রতিকূল আবহাওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের চরম কষ্ট সহ্য করে রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহনের জন্য অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের এই মানবিক ও বাস্তবমুখী সমস্যাটি বিবেচনায় নিয়ে রোটারি ক্লাব অব যশোর রূপান্তর এই নান্দনিক ছাত্র-ছাওনি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। নির্মিত এই ছাত্র-ছাওনিটি শুধু একটি সাধারণ অপেক্ষাকেন্দ্রই নয়, বরং এটি যশোর শহরের সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রেও একটি অনন্য ও নান্দনিক সংযোজন। আধুনিক নকশা, সুপরিকল্পিত কাঠামো এবং টেকসই উপকরণের ব্যবহারে এটি পুরো এলাকার রূপ বদলে দিয়েছে। ছাউনিটির প্রশস্ত বসার সুব্যবস্থা শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের স্বাচ্ছন্দ্যে অপেক্ষা করার দারুণ সুযোগ করে দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, রোটারি ক্লাবের এ ধরনের উদ্যোগ সমাজের প্রতি গভীর দায়বদ্ধতার এক উজ্জ্বল ও অনন্য দৃষ্টান্ত। স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরা এখন রোদ-বৃষ্টির তীব্র ভোগান্তি থেকে স্থায়ী সুরক্ষা পেয়ে স্বাচ্ছন্দ্যে পরিবহনের জন্য অপেক্ষা করতে পারছে। উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ক্লাব অব যশোর রূপান্তরের নেতৃবৃন্দ জানান, মানবসেবা ও সামাজিক টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং নাগরিক সুবিধা উন্নয়নে রোটারি ক্লাব আরও বিভিন্ন জনকল্যাণমূলক বড় প্রজেক্ট হাতে নেবে। বাবলাতলা হাউজিং গেট সংলগ্ন এই দৃষ্টিনন্দন স্থাপনাটি এখন শুধু শিক্ষার্থীদের আশ্রয়স্থল নয়, বরং এই অঞ্চলে সমাজসেবামূলক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল প্রতীক হয়ে উঠেছে। ছবি সংগৃহীত।


