যশোর জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমানের আকস্মিক মৃত্যু

যশোর জেলা যুবলীগ নেতা হাফিজুর রহমানের আকস্মিক মৃত্যু

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা যুবলীগের দপ্তর সম্পাদক, পরিচ্ছন্ন ও ত্যাগী রাজনীতিক হিসেবে পরিচিত হাফিজুর রহমান আর নেই। রোববার (১২ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

​পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে হাফিজুর রহমানকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষার পর চিকিৎসকরা তাকে আশঙ্কামুক্ত জানালে রাতে তিনি পুরাতন কসবা পুলিশ লাইন এলাকার নিজ বাসভবনে ফেরেন।

​রোববার সকালে ঘুম থেকে ওঠার পর ঘরের মধ্যে পায়চারি করার সময় হঠাৎ বাথরুমে পড়ে যান তিনি। দ্রুত তাকে পুনরায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​হাফিজুর রহমানের মৃত্যুতে যশোরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন নির্লোভ ও একনিষ্ঠ কর্মী হিসেবে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রোববার (১২ এপ্রিল) এশার নামাজ শেষে যশোর পুলিশ লাইন জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত হওয়ার জন্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *