নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর সঙ্গে দীর্ঘ সময় ভিডিও কলে কথা বলার পর মোছা. শারমিন (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার রায়টা গ্রামে গায়ে কেরোসিন ঢেলে আত্মাহুতির এই ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে একে আত্মহত্যা বলে ধারণা করছে।
নিহত শারমিন মালেশিয়া প্রবাসী আব্দুল হান্নানের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে শারমিন তার প্রবাসী স্বামীর সঙ্গে টানা এক ঘণ্টা ৩৭ মিনিট ভিডিও কলে কথা বলেন। কথা বলা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে জানা যায়। দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ কলহ চলছিল বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ফাইল ছবি।


