যশোরে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই যবিপ্রবি ভিসিকে অব্যাহতি

যশোরে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই যবিপ্রবি ভিসিকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) এক নজিরবিহীন ও নাটকীয় ঘটনার সাক্ষী হলেন উপস্থিত সবাই। বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পাশে মঞ্চে আসীন থাকাবস্থায়ই পদ হারালেন ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) গ্যালারিতে একটি সেমিনার চলাকালীন এই অব্যাহতির প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সে সময় মঞ্চে শিক্ষামন্ত্রীর পাশেই সভাপতির আসনে বসা ছিলেন ড. আব্দুল মজিদ। অনুষ্ঠান চলাকালেই খবরটি জানাজানি হলে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাদের মাঝে চরম বিস্ময় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের নির্দেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ওই আদেশে জানানো হয়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর জারিকৃত নিয়োগের শর্ত অনুযায়ী তাকে ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানতে চাইলে ড. আব্দুল মজিদ কেবল বলেন, “আমি এখন একটি প্রোগ্রামে আছি।” অন্যদিকে, শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এমন আকস্মিক রদবদলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন টক অব দ্য টাউন-এ পরিণত হয়েছে এই ঘটনা।

ছবি ভিডিও থেকে নেয়া।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *