স্ফুলিঙ্গ রিপোর্ট :
জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে ভোজ্য তেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ও অস্বাস্থ্যকর ড্রামের ব্যবহার বন্ধে যশোরে বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে যশোর ক্লাবের লাক্সারি কনভেনশন হলে এই আয়োজন করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ফারুক আহম্মেদ। তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য নিরাপদ ভোজ্য তেল এবং ভোক্তা অধিকার নিশ্চিত করা। খোলা ড্রামে তেল বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই অনিরাপদ ড্রাম বর্জন করে সিলগালা করা বোতল বা স্বাস্থ্যসম্মত পাত্রে তেল বিপণন নিশ্চিত করতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইরুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুশতাক হাসান মুহঃ ইফতিকার। তিনি আধুনিক বিপণন ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মাসুদ রানা, প্রশাসক দেলোয়ার হোসেন এবং যশোর চেম্বার অব কমার্সের সেক্রেটারি তানভিরুল ইসলাম সোহান।
কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যশোর কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান এবং মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন এবং ভোজ্য তেলের মান নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আলোকপাত করেন।
ছবি-সংগৃহীত


