স্ফুলিঙ্গ রিপোর্ট :
“সেবার ব্রতে চাকরি” এই মূলমন্ত্রকে সামনে রেখে যশোর জেলায় ক্যাডেট অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর বা এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্যে এক বিশেষ প্রস্তুতি ও দিক-নির্দেশনামূলক ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে যশোর পুলিশ লাইন্স মাঠে এই ব্রিফিং সভার আয়োজন করা হয়। আগামীকাল শনিবার (২৭ জুন) অনুষ্ঠিতব্য এই নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ নিট অ্যান্ড ক্লিন রাখতে এই সভার আয়োজন করা হয়।
ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। সভায় নিয়োগ প্রক্রিয়ার সাথে সরাসরি সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত সম্মানিত কর্মকর্তারা আগামীকালকের নিয়োগ ডিউটিতে নিয়োজিত সকলের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
নিয়োগ বোর্ডের সভাপতি ও জেলা পুলিশ সুপার মহোদয় নিয়োগ ডিউটিতে নিয়োজিত প্রতিটি বিশেষ টিমের সদস্যদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পরিচালনা করতে হবে। এ লক্ষ্যে তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে ডিউটি পালনের জন্য আহ্বান জানান।
যশোর জেলা পুলিশের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে একটি বিশেষ সতর্কবার্তা বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রার্থীর সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি দেওয়া হবে। এ ব্যাপারে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনিয়মে জড়াবেন না। চাকরি দেওয়ার নাম করে কোনো প্রতারক চক্র বা দালালের খপ্পরে না পড়ার জন্য চাকরিপ্রার্থী ও অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ করেছে যশোর জেলা পুলিশ। ছবি সংগৃহীত।

