স্ফুলিঙ্গ রিপোর্ট :
বেনাপোলের চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন যশোরের একটি আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। সাজাপ্রাপ্ত মামনী খাতুন বেনাপোলের বড় আচড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী।
আদালত ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৭ সালের ৬ আগস্ট বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের বাগে জান্নাত এলাকার পেছনে আসামির দুই তলা বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। ৪৯/বি কোম্পানি আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের শোবার ঘরের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় বেনাপোল থানায় মামলা দায়েরের পর এসআই সৈয়দ আলমগীর হোসেন তদন্ত শেষে মামনী খাতুনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার রাষ্টপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুলের উপস্থিতিতে বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত আসামিকে কঠোর পাহারায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।ছবি সংগৃহীত।


