স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শহরের লিচুবাগান এলাকায় মাদক বিক্রির তীব্র প্রতিবাদ করায় মো. মাহি (২৩) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ ২২ জুন ২০২৬ সোমবার দুপুর সাড়ে ১টার দিকে লিচুবাগান এলাকার আলিশা ফার্মেসির সামনে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটে।
রক্তাক্ত ও মারাত্মক জখম অবস্থায় স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা মাহিকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আহত মাহি যশোর শহরের লিচুবাগান এলাকার বাসিন্দা শেখ শওকত আলী মাখনের ছেলে। তিনি যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অনার্সের একজন নিয়মিত শিক্ষার্থী।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, লিচুবাগান এলাকায় বেশ কিছুদিন ধরে রুমি (২৫) নামের এক যুবক অবৈধ মাদক কেনাবেচা ও তরুণদের উসকে দেওয়ার কাজ করে আসছিল। একজন সচেতন কলেজছাত্র হিসেবে মাহি এই মাদক ব্যবসার তীব্র প্রতিবাদ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। এই ঘটনার জেরে মাহির ওপর চরম ক্ষিপ্ত ছিল রুমি ও তার মাদক সিন্ডিকেট।
পূর্ব শত্রুতা ও ক্ষোভের জেরে আজ সোমবার দুপুরে মাহি ব্যক্তিগত কাজে আলিশা ফার্মেসির সামনে গেলে একই এলাকার মতিয়ার রহমানের ছেলে রুমি তাকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। রুমি তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে মাহির পায়ের তালুসহ শরীরের বিভিন্ন স্থানে নৃশংসভাবে কোপাতে থাকে। মাহি মাটিতে লুটিয়ে পড়লে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে তাকে গুরুতর জখম করে রুমি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এদিকে, একজন সচেতন কলেজছাত্র ও মাদকবিরোধী তরুণের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় লিচুবাগান ও এমএম কলেজ প্রাঙ্গণে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রুমিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের প্রতি জোর দাবি জানিয়েছেন। ছবি সংগৃহীত।


