স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের অভয়নগরে মাদক সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি ও জনগণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের দায়ে সুজন শেখ (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে এই অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপু।
দণ্ডপ্রাপ্ত সুজন শেখ উপজেলার চলিশিয়া ইউনিয়নের চলিশিয়া গ্রামের লাবু শেখের ছেলে।
আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, সুজন শেখ মাদক সেবন করে নিজ বাড়িতে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সাথে উগ্র আচরণ করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও’র নেতৃত্বে চলিশিয়া গ্রামে লাবু শেখের বাড়িতে অভিযান চালানো হয়। নেশাগ্রস্ত অবস্থায় সুজনকে আটক করার পর তাঁর কাছ থেকে গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে নিজের অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। ছবি সংগৃহীত।

