প্রস্তাবিত এফসিপিএস অধ্যাদেশ বাতিলের দাবি

প্রস্তাবিত এফসিপিএস অধ্যাদেশ বাতিলের দাবি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

এফসিপিএস প্রশিক্ষণের প্রস্তাবিত অধ্যাদেশ বাতিল, কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ন্যায্য ভাতার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। আজ রবিবার (৭ জুন ২০২৬) বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই আন্দোলনে হাসপাতালের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।

ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ডা. মিশকাতুল আরেফিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মিরাজ আল মান্না এবং সাংগঠনিক সম্পাদক ডা. আফিদা ইয়াসমিন।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এফসিপিএস প্রশিক্ষণ সংক্রান্ত প্রস্তাবিত নতুন অধ্যাদেশটি তরুণ চিকিৎসকদের জন্য অত্যন্ত বৈষম্যমূলক এবং সম্পূর্ণ অকার্যকর। এটি বাতিল করে অবিলম্বে বাস্তবসম্মত ও মানসম্মত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করতে হবে। একই সাথে তাঁরা দীর্ঘদিন ধরে চলমান ইন্টার্ন চিকিৎসকদের ভাতার অসঙ্গতি দূর করে ন্যায্য ও সম্মানজনক ভাতা নিশ্চিত করার জোর দাবি জানান।

আন্দোলনরত চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসা সেবার অন্যতম চালিকাশক্তি। অথচ তাঁদের যৌক্তিক দাবিগুলোকে বারবার উপেক্ষা করা হচ্ছে। অবিলম্বে এই দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চালিয়ে যাওয়ার চূড়ান্ত ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এদিকে, ইন্টার্ন চিকিৎসকদের এই আকস্মিক কর্মবিরতির কারণে যশোর জেনারেল হাসপাতালের সাধারণ ও জরুরি চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে সাধারণ রোগীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *