স্ফুলিঙ্গ ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রতিমন্ত্রীর ছবি ও মিথ্যা বক্তব্য ব্যবহার করে একটি ‘ফটোকার্ড’ ভাইরাল করার প্রতিবাদে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহীদুল ইসলাম এই জিডি আবেদনটি দাখিল করেন। জিডি সূত্রে জানা গেছে, ‘Gen Z (FS Gaming)’ নামক একটি ফেসবুক গ্রুপ থেকে প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে একটি ভুয়া ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। সেখানে প্রতিমন্ত্রীর বরাতে দাবি করা হয়েছে— ‘গতকাল রাতে আমি অন্তত ১০টি পাম্পে গিয়েছি। কোথাও কোনো ভিড় বা জ্বালানি সংকট চোখে পড়েনি।’
জিডি আবেদনে একান্ত সচিব স্পষ্ট করেছেন যে, প্রতিমন্ত্রী গত রাতে কোনো তেল পাম্প পরিদর্শন করেননি এবং এ ধরনের কোনো বক্তব্যও প্রদান করেননি। প্রকৃতপক্ষে তিনি ওই সময় চট্টগ্রাম ও মাতারবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো পরিদর্শন শেষে ঢাকায় ফিরছিলেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং দেশের জ্বালানি খাতের উন্নয়ন ও সংকট মোকাবিলায় সরকারের প্রচেষ্টাকে ম্লান করতেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

