স্ফুলিঙ্গ রিপোর্ট :
সংরক্ষিত নারী (৩১৪) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বুধবার (০৬ মে) যশোরে এসে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়েছে। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় তিনি সিক্ত হন। এসময় তিনি তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
বিমানবন্দর থেকে এমপি মুন্নি সরাসরি যশোর কারবালা কবরস্থানে যান। সেখানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এরপর তিনি ঝিকরগাছায় ফিরে তাঁর স্বামী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ নাজমুল ইসলামের কবর জিয়ারত করেন। এছাড়াও তিনি সাবেক ছাত্রনেতা শহীদ ওলিয়ার রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমেদসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।
এই সংবর্ধনা ও জিয়ারত কর্মসূচিতে ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউনুস আলী দফাদার এবং পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ারসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

