চৌগাছা (যশোর) প্রতিবেদকঃ
যশোরের চৌগাছায় পুলিশের পৃথক অভিযানে উপজেলা যুবলীগের এক নেতা ও পৌর ছাত্রলীগের সাবেক এক আহ্বায়ককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা থানা পুলিশ উপজেলার জগদীশপুর ইউনিয়নে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদুর রহমান খানকে (৪২) গ্রেফতার করে। তিনি উপজেলার মাড়ুয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এর আগে, শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সৌরভ রহমান বিপুলকে (৩০) গ্রেফতার করা হয়। তিনি চৌগাছা পৌর শহরের ইছাপুর বটতলা এলাকার মৃত তোয়েব আলীর ছেলে।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত উভয়ই চৌগাছা থানায় সন্ত্রাস বিরোধী আইনের বিভিন্ন ধারায় দায়েরকৃত একটি নাশকতা মামলার (মামলা নং-১৩) এজাহারভুক্ত আসামি। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।


