নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ১৫তম ব্যাচের নবীন দেশি-বিদেশি শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ মে) সকাল সাড়ে ৯টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উদ্যোগে সারাদেশের ১১২টি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের সাথে একযোগে অনলাইনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের এমবিবিএস কারিকুলামকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে।

জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় আয়োজনে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সঞ্জয় সাহার সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং বলেন, কঠোর প্রতিযোগিতার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভালো চিকিৎসক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সুষ্মিতা নার্গিস, ফেজ-১ কো-অর্ডিনেটর ও বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মাহমুদা সুলতানা সুমী এবং ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমু ঘোষ বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করা হয় এবং কলেজের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অভিভাবকরা কলেজের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও শিক্ষার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে শিক্ষার্থীরা মানবিক ও দক্ষ চিকিৎসক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে নবীন শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সাথে নিয়ে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষে এ কলেজে মোট ৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। এর মধ্যে ৫৪ জন দেশি ও ২১ জন ভারতীয় শিক্ষার্থী রয়েছেন। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *