স্ফুলিঙ্গ রিপোর্ট :
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ যশোরের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সুষ্ঠু তদন্ত, জবাবদিহি নিশ্চিতকরণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ ২২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ সোমবার সকাল সাড়ে ১১টার সময় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৫ নম্বর উপশহর ইউনিয়নের বসবাসরত ভুক্তভোগী পরিবারবর্গের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে ওই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, বিশেষ করে উল্লেখযোগ্য সংখ্যক নারী অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী আন্দোলনকারীরা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে প্লট বরাদ্দে সংঘটিত ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির কড়া প্রতিবাদ জানান। তাঁরা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে হাউজিং নীতি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একচ্ছত্র দুর্নীতি ও বৈষম্যমূলক উপায়ে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এই অনৈতিক প্রক্রিয়ার সাথে জড়িতদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অবিলম্বে সেই সকল অবৈধ ও অনৈতিক প্লট বরাদ্দ বাতিল করার জোরালো দাবি জানানো হয়।
ভুক্তভোগীরা ব্যানারের দাবিনামায় স্পষ্ট উল্লেখ করেন যে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের পুনর্বাসন ছাড়া অবৈধ এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে সাধারণ মানুষকে উচ্ছেদ করা সম্পূর্ণ অন্যায়। তাঁরা অবিলম্বে অবৈধভাবে উচ্ছেদকৃত দরিদ্র পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নতুন করে প্লট বরাদ্দের ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আইনসম্মত হাউজিং নীতি অনুসরণের দাবি তোলা হয়।
মানববন্ধন শেষে ভুক্তভোগী পরিবারের প্রতিনিধি দল যশোর জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে এই বৈষম্যমূলক ও দুর্নীতিগ্রস্ত প্লট বরাদ্দ প্রক্রিয়া বাতিল করা না হয় এবং সাধারণ মানুষের আবাসন অধিকার নিশ্চিত করা না হয়, তবে আগামীতে উপশহরবাসী রাজপথে আরও কঠোর আন্দোলনের ডাক দেবে। ছবি সংগৃহীত।


