স্ফুলিঙ্গ ডেক্স :
প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চরম কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য এবং তথ্য ছড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবিদুল ইসলাম সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে গতকাল রোববার (২১ জুন) দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উত্তর জগৎসার এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত সাবিদুল ইসলাম সিয়াম আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আজমপুর গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। সে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির নিয়মিত শিক্ষার্থী বলে জানা গেছে।
আখাউড়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত সিয়াম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানকে জড়িয়ে বিভিন্ন ধরণের কুরুচিপূর্ণ ও সামাজিক মর্যাদা ক্ষুণ্নকারী পোস্ট দিয়ে আসছিল। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতাদের নজরে আসলে তাঁরা এই সাইবার অপরাধের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি সুনির্দিষ্ট লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরপরই মাঠে নামে পুলিশ প্রশাসন। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের সাইবার প্রোফাইল ও আইডেন্টিটি শনাক্ত করার পর রোববার রাতে তার মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। ট্র্যাকিংয়ে তার অবস্থান সদর উপজেলার উত্তর জগৎসার গ্রামের খালার বাড়িতে নিশ্চিত হওয়ার পর সেখানে এক ঝটিকা অভিযান চালিয়ে সিয়ামকে আটক করা হয়। এ সময় অপরাধ সংঘটনে ব্যবহৃত তার ব্যক্তিগত স্মার্টফোনটিও জব্দ করে পুলিশ।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, “স্থানীয় ছাত্রদল নেতাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ওই কিশোরকে আটক করতে সক্ষম হয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো ধরণের কুরুচিপূর্ণ ও উসকানিমূলক পোস্ট ছড়ানোর বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।”
ওসি আরও জানান, আটককৃত সিয়ামের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া পুরোদমে চলমান রয়েছে। সাইবার অপরাধ দমনে পুলিশী এই তৎপরতাকে স্বাগত জানিয়েছে স্থানীয় সচেতন মহল। ছবি সংগৃহীত।

