চৌগাছা (যশোর) প্রতিবেদক:
যশোরের চৌগাছায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. তুহিন ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে উপজেলার সলুয়া পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তুহিন ইসলাম ওই গ্রামের মো. গোলাম মোস্তফার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আব্দুস ছাত্তারের নেতৃত্বে পুলিশের একটি দল সলুয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রবিউল ইসলামের বাড়ির পেছনের পাকা রাস্তা থেকে ৪০০ গ্রাম গাঁজাসহ তুহিন ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।


