স্ফুলিঙ্গ ডেক্স :
সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে বিদ্যুতের গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিয়েছে ভারতের আদানি গ্রুপ। যান্ত্রিক ত্রুটির কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন ফের বন্ধ হয়ে গেছে। এতে করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, বুধবার (২২ এপ্রিল) দুপুর পর্যন্ত আদানির দুটি ইউনিট থেকে প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আসছিল। কিন্তু দুপুর ২টার পর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন একলাফে ৭৫০ মেগাওয়াটে নেমে আসে। এর আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১১ এপ্রিল এই ইউনিটটি চালু হয়েছিল, যা মাত্র ১১ দিনের মাথায় পুনরায় অচল হয়ে গেল।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, আদানি কর্তৃপক্ষ জানিয়েছে তাদের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্ক সংকেত পাওয়া যাচ্ছিল। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এটি মেরামত করে পুনরায় চালু করতে অন্তত ৩ থেকে ৪ দিন সময় লাগতে পারে।
বর্তমানে দেশে তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৬ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। উৎপাদন সেই তুলনায় কম হওয়ায় প্রতি ঘণ্টায় দুই হাজার থেকে আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং করতে হচ্ছে। আদানির এই ইউনিট বন্ধ হওয়ায় ঘাটতি আরও প্রকট হবে।
উল্লেখ্য, ২০১৭ সালে করা ২৫ বছর মেয়াদী চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে নির্মিত এই কেন্দ্র থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনে বাংলাদেশ। কিন্তু বারবার যান্ত্রিক ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় জনজীবনে ভোগান্তি বাড়ছে।
ফাইল ছবি

