কেশবপুর প্রতিনিধি :
যশোরের কেশবপুর উপজেলায় আপন ভাবিকে বিলের মধ্যে একা পেয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে দেবর ইমাদুল সানাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ইমাদুল উপজেলার বরনঢালী গ্রামের করিম বক্সের ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে কেশবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ইমাদুল সানা দীর্ঘ দিন ধরে তাঁর বড় ভাইয়ের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে বিভিন্ন সময় হুমকি-ধমকিও দিতেন তিনি। গত শুক্রবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ওই গৃহবধূ বিলে ঘাস কাটতে গেলে নির্জনতার সুযোগ নিয়ে ইমাদুল তাঁর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় গৃহবধূর ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ইমাদুল পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম হোসাইন জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। এরপর শুক্রবার দিবাগত ভোরে বিশেষ অভিযান চালিয়ে ইমাদুলকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আসামিকে যশোর আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ছবি সংগৃহীত।

