স্ফুলিঙ্গ ডেক্স :
মৌমাছির ঝাঁকের অতর্কিত হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন। সোমবার বিকেলে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বীরহিম গ্রামে রব্বানি মিয়ার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তোজাম্মেল মিয়া নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে স্থানান্তর করা হয়েছে।
আহতরা হলেন—বজরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে দলীয় একটি কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে তারা মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। বীরহিম গ্রামে পৌঁছালে হঠাৎ এক ঝাঁক মৌমাছি তাদের ওপর আক্রমণ শুরু করে। তারা দ্রুত মোটরসাইকেল থামিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে স্থানীয়রা খড়কুটা জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফারহানা বিনতে ফারুক জানান, তোজাম্মেল মিয়ার শরীরে প্রায় ৪০টির মতো মৌমাছি কামড় দিয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের মধ্যে সামিউল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ফিরোজ হোসেন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ছবি সংগৃহীত।

