স্ফুলিঙ্গ ডেক্স :
ফেনী সদর উপজেলার শর্শদিতে নির্মাণাধীন ভবনে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে (৪৪) হত্যার চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঋণের কিস্তির টাকা জোগাড় করতেই রাজমিস্ত্রি সাইফুল ইসলাম পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে স্বর্ণালংকার লুট করেন। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেনী পিবিআই-এর পুলিশ সুপার উক্য সিংহ।
গত ১২ মে বিকেলে শর্শদি ইউনিয়নের পশ্চিম জোয়ারকাছাড় এলাকায় প্রবাসী মোহাম্মদ মানিকের স্ত্রী রিনা আক্তার তাদের নির্মাণাধীন নতুন বাড়িতে পানি দিতে যান। সন্ধ্যায় তিনি বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং একপর্যায়ে নির্মাণাধীন ঘরের মেঝেতে বালুর স্তূপের নিচে চাপা দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর থেকেই ওই ভবনের রাজমিস্ত্রি সাইফুল ইসলাম পলাতক ছিলেন।
মামলার তদন্তভার পেয়ে পিবিআই গত বুধবার (১৩ মে) রাতে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামি এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল জানান, ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে তিনি মানসিকভাবে চাপে ছিলেন। কিস্তির টাকা জোগাড় করতেই রিনা আক্তারকে একা পেয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর নিহতের কান থেকে এক জোড়া স্বর্ণের দুল ছিঁড়ে নিয়ে মরদেহ বালুচাপা দিয়ে পালিয়ে যান।
সাইফুল স্বীকার করেছেন যে, লুণ্ঠিত স্বর্ণের দুল জোড়া তিনি স্থানীয় মোহাম্মদ আলী বাজারে মাত্র সাড়ে ১৫ হাজার টাকায় বিক্রি করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিবিআই ওই দোকান থেকে দুল জোড়া উদ্ধার করেছে।
গ্রেপ্তার সাইফুল ইসলাম (২৯) শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজার এলাকার আবুল খায়েরের ছেলে। পিবিআই জানিয়েছে, শুক্রবার (১৫ মে) আসামিকে আদালতে সোপর্দ করা হবে এবং সেখানে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে আশা করা হচ্ছে। ছবি সংগৃহীত।


