স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের উপশহর এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে এক ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপশহর পুলিশ ক্যাম্প। অভিযানে বিপুল পরিমাণ স্বনামধন্য ব্র্যান্ডের নকল সিগারেটসহ মো. রাসেল (৫০) নামের এক চায়ের দোকানদারকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে অর্থদণ্ড ও সাজা প্রদান করা হয়। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেলে এই অভিযান চালানো হয়।
সাজাপ্রাপ্ত মো. রাসেল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন বাঁকা গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে। বর্তমানে তিনি যশোর কোতোয়ালী মডেল থানার নতুন উপশহর ইউনিয়নের ৭ নম্বর সেক্টরের আই-৩ ব্লকে বসবাস করছিলেন। উপশহর ক্লাবের পাশে তাঁর একটি নতুন চায়ের দোকান রয়েছে।
ক্যাম্প সূত্রে জানা গেছে, উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে গোপন সূত্রে খবর পান যে, উপশহর ক্লাবের পাশে রাসেলের চায়ের দোকানে নামী-দামী ব্র্যান্ডের লোগো ও মোড়ক জাল করে অত্যন্ত ক্ষতিকর নকল সিগারেট বিক্রি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফউদ্দীন-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে রাসেলের দোকান তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ কার্টন ডার্বি (Derby) এবং ৫ কার্টন হক গোল্ড (Haque Gold) ব্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।
প্যাকেট হুবহু আসল ব্র্যান্ডের মতো হলেও ভেতরের সিগারেটগুলো ছিল সম্পূর্ণ নকল ও স্বাস্থ্যের জন্য চরম হুমকিস্বরূপ। অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফউদ্দীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার ও আইন লঙ্ঘনের অপরাধে ব্যবসায়ী রাসেলকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেন। একই সাথে ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে জব্দকৃত ১৫ কার্টন নকল সিগারেট আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলক কুমার দে জানান, উপশহর এলাকার সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা ও ভেজাল পণ্যের শিকার না হন, সেজন্য মাদকবিরোধী অভিযানের পাশাপাশি এই ধরনের ভেজাল ও নকল পণ্যবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। সমাজবিরোধী ও প্রতারক চক্রের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বলবৎ থাকবে। প্রশাসনের এই তড়িৎ পদক্ষেপে এলাকার সাধারণ ক্রেতা ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন। ছবি সংগৃহীত।

