অভয়নগরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অভয়নগরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলায় পৃথক দুটি স্থানে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ঘোড়াদাইড় ও বুইকারা পালপাড়া গ্রামে এই দুটি ভিন্ন আত্মহননের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঘোড়াদাইড় গ্রামের বাসিন্দা সুজন মণ্ডল (৫৫) দীর্ঘ প্রায় দুই বছর ধরে তীব্র মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তাঁর পরিবারটিও অর্থনৈতিকভাবে বেশ অসচ্ছল ছিল। আজ বৃহস্পতিবার ভোররাতে কোনো এক সময় সবার অলক্ষ্যে তিনি নিজ বসতবাড়ির ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে স্বজনেরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিলে দামুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন।

অপরদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বুইকারা পালপাড়া গ্রামে অন্তিক বৈরাগী (২৫) নামে এক যুবক নিজ বাড়ির একটি কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি ওই গ্রামের সঞ্জয় বৈরাগী ও রত্না বৈরাগী দম্পতির ছেলে। পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে অভয়নগর থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে অন্তিকের আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা সম্ভব হয়নি।

অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, দুটি ঘটনাই প্রাথমিকভাবে অপমৃত্যু (ইউডি) হিসেবে থানায় নথিভুক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই দিনে উপজেলায় দুটি আত্মহত্যার ঘটনায় সংশ্লিষ্ট পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *