রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে : ৪ জুন -২০২৬
ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষ ও মানবিক উদ্যোগে দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা ৯১টি চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিভিন্ন চক্রের মাধ্যমে প্রতারণা করে মোবাইল ব্যাংকিংয়ের (এমএফএস) মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের দৃষ্টিনন্দন সম্মেলন কক্ষে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে এসব সামগ্রী ও অর্থ প্রকৃত প্রাপকদের হাতে পরম মমতায় তুলে দেন ঝিনাইদহের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল। দীর্ঘদিন পর নিজেদের শখের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে ভুক্তভোগী সাধারণ মানুষ অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের এই অনন্য সেবামূলক কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঝিনাইদহ জেলা পুলিশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, সমসাময়িক সময়ে ঝিনাইদহ জেলা জুড়ে অনলাইন ভিত্তিক বিভিন্ন অপরাধ দমন, সাইবার জালিয়াতি রোধ এবং সর্বসাধারণের ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে গঠিত জেলা পুলিশের বিশেষায়িত টিম ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’ এই উদ্ধার অভিযানে মূল ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। অত্যন্ত দক্ষ এই সেলটির সদস্যরা আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নিখুঁত ট্র্যাকিংয়ের মাধ্যমে এই ৯১টি মোবাাল ফোন এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধার করতে সক্ষম হন। শুধু মোবাইল বা টাকাই নয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, টিকটক, টেলিগ্রাম ও স্ন্যাপচ্যাটের মতো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সাইবার বুলিং তথা হেনস্থার শিকার হওয়া অত্যন্ত অসহায় ৪০ জন ভুক্তভোগীকে অতি দ্রুত ও অত্যন্ত কার্যকর আইনি সহায়তা দিয়েছে এই চৌকস সেল। এছাড়া বিভিন্ন সময়ে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া ৪ জন ভিকটিমকেও সফলভাবে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা।
আজ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই জাঁকজমকপূর্ণ মোবাইল ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ মোসফেকুর রহমান। এছাড়া এই সফল অভিযানের রূপকার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সকল অফিসার ও জেলা পুলিশের ঊর্ধ্বতন ফোর্স সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহের পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, আধুনিক প্রযুক্তি নির্ভর, গতিশীল ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা পুলিশ সর্বদা বদ্ধপরিকর। সময়ের সাথে বাড়তে থাকা সাইবার অপরাধ নিখুঁতভাবে মোকাবিলা করা এবং সাইবার বুলিংয়ের শিকার হওয়া নিরীহ ভুক্তভোগীদের পাশে আইনি ও মানসিক সমর্থন নিয়ে দাঁড়ানো পুলিশের নিয়মিত ও পবিত্র কার্যক্রমের অংশ। তিনি আশ্বস্ত করে আরও বলেন, জনগণের কাঙ্ক্ষিত আস্থা ও ডিজিটাল নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা পুলিশের এই প্রযুক্তিনির্ভর সেবা এবং অপরাধ বিরোধী কঠোর অভিযান ভবিষ্যতেও আরও বেগবান ও অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

