৮৫০ শিক্ষার্থীর মুখরিত উল্লাস

৮৫০ শিক্ষার্থীর মুখরিত উল্লাস

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক (কোটচাঁদপুর, ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অত্যন্ত বর্ণাঢ্য ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৭ জুন) সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন এবং উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই আনন্দঘন উৎসবের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সাবেক পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসাহক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষক নিজেই। বিদ্যালয় পরিচালনা কমিটির সহকারী শিক্ষক এস এম শফিকুল ইসলামের প্রাণবন্ত ও চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ বাহারুল ইসলাম, কোটচাঁদপুর সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান এবং সিরুমিয়া-কামরুন্নাহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিয়ার রহমান। এছাড়া শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং অভিভাবক সদস্য মোঃ খাইরুল ইসলামসহ স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল পর্ব শুরু হয়, যেখানে যথাক্রমে অংশ নেয় বিদ্যালয়ের মেধাবী ছাত্রী তাসনিম জারিন ও মৌসুমী চ্যাটার্জি। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসবমুখর আবহ তৈরি হয়। অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয়ের একদল চৌকস ও প্রতিভাবান ছাত্রী ঐতিহ্যবাহী জারিগান, দেশাত্মবোধক গান এবং চোখধাঁধানো নৃত্য পরিবেশন করে উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করেন। এই নজরকাড়া সাংস্কৃতিক আয়োজনে বিদ্যালয়ের প্রায় ৮৫০ জন শিক্ষার্থীর মুহুর্মুহু করতালিতে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

সমাপনী পর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নাসিমউদ্দিন বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির বিপুল, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুর রশিদ, সনৎ কুমার গোস্বামী এবং ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এস এম হুমায়ুন কবির মিলন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে কৃতিত্বের সাথে বিজয়ী হওয়া এবং মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য ও বর্ণিল আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন অভিভাবকমহল। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *