স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৭১ বোতল অবৈধ মাদকদ্রব্য এসকাফ কফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চৌগাছা থানা এলাকায় অভিযান চালান ডিবির এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন,চৌগাছা উপজেলার কংশারীপুর মাইক্রোস্ট্যান্ড মাঠে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
পরবর্তীতে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— মোঃ মাহাবুবুল হাসান ওরফে সাগর (২৬) ও মোঃ মাহাফুজ (১৯)। তারা উভয়েই চৌগাছা উপজেলার দীঘলসিংহা গ্রামের বাসিন্দা।
আটকের পর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে মাহাবুবুল হাসান সাগরের ব্যাগ থেকে ৫১ বোতল এবং মাহাফুজের ব্যাগ থেকে ২০ বোতলসহ মোট ৭১ বোতল অবৈধ এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা নিজেদের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও দাবি করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার (৬ মে) আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ছবি সংগৃহীত।

