স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্তে পৃথক দুটি সফল চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ৩১ মে ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আন্দুলিয়া এবং বেনাপোল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযানগুলো পরিচালনা করা হয়। অভিযানে সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে নিয়ে আসা ১৬ কেজি গাঁজা, ৫২ পিস ভারতীয় তৈরি পোশাক এবং ১,১০৫টি বিভিন্ন প্রকার চকলেট আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধারকৃত এই মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানি মালামালের মোট আনুমানিক বাজার মূল্য ১,৯২,৫০০/- (এক লাখ বিরানব্বই হাজার পাঁচশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল প্রবেশ রোধ এবং পাচারকারী চক্রকে আটকের নিমিত্তে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী কঠোর গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, এই বিশেষ নজরদারির ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বিজিবি নিয়মিতভাবে ঝটিকা অভিযান পরিচালনা করছে এবং প্রতিনিয়ত মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। দেশের অর্থনীতি রক্ষা এবং মাদক ও চোরাচালান চক্রের মেরুদণ্ড ভেঙে দিতে সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম সবসময়ই পুরোদমে অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।

