স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সদর উপজেলার রুপদিয়া চাউলিয়া গেট সংলগ্ন এলাকার বন্ধ হয়ে যাওয়া একটি মেটাল কারখানা থেকে মূল্যবান মালামাল চুরির সময় মিলন (৩৬) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। আটকের পর বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। আটককৃত মিলন যশোর সদর উপজেলার চাউলিয়া পশ্চিমপাড়ার মৃত ইয়াসিনের ছেলে। এই চুরির ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বলিয়াডাঙ্গা গ্রামের হুমায়ুন কবীরের ছেলে মাসুদ পারভেজ কোতোয়ালি থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, রুপদিয়া চাউলিয়া গেট সংলগ্ন এলাকায় ‘এমএম মেটাল’ নামে একটি জিআই ফিটিংসের বড় কারখানা রয়েছে। গত ২ বছর ধরে অভ্যন্তরীণ নানাবিধ কারণে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। তবে কারখানাটি বন্ধ থাকলেও ভেতরে বিপুল পরিমাণ মূল্যবান তামার তার ও বড় বড় জেনারেটর বা উৎপাদন সামগ্রী সংরক্ষিত আছে।
বন্ধ কারখানাটি সার্বক্ষণিক পাহারা ও দেখভালের জন্য মালিকপক্ষ ৫ জন বিশ্বস্ত লোক বা নৈশপ্রহরী নিয়োগ করে রেখেছেন। কিন্তু অত্যন্ত চতুর এই চোরচক্রটি গত ১ মাস ধরে বিভিন্ন কৌশলে কারখানাটির ভেতরে ঢুকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারী যন্ত্রপাতি ও মূল্যবান তামার তার চুরি করে নিয়ে যায়।
ঘটনার দিন গত শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা একটি চোরচক্র পুনরায় দেয়াল টপকে কারখানার ভেতরে প্রবেশ করে। চোরেরা কারখানার ভেতর থেকে ৬০ পিস জিআই ফিটিংস এবং আনুমানিক ৮০ হাজার টাকা মূল্যের অত্যন্ত মোটা তামার তার কেটে নিয়ে বস্তায় ভরছিল। এ সময় কারখানার ভেতরে বস্তার ও ধাতব তারের খসখস শব্দ পেয়ে দায়িত্বরত নৈশপ্রহরী সাহসিকতার সাথে ভেতরে ঢুকে চোরদের চ্যালেঞ্জ করেন।
নৈশপ্রহরীর উপস্থিতি টের পেয়ে চক্রের অন্য অজ্ঞাতনামা ২-৩ জন সদস্য মালামাল ফেলে কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও মিলন নামের ওই চোরকে জাপটে ধরে ফেলেন নৈশপ্রহরী। তাঁর চিৎকারে আশেপাশের লোকজন ও স্থানীয় চাউলিয়া বাজারের নৈশপ্রহরীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। দীর্ঘদিন ধরে চুরি হওয়া মালামালের ওপর ক্ষোভ থেকে বিক্ষুব্ধ জনতা মিলনকে গণপিটুনি দেয়। পরবর্তীতে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হলে গভীর রাতেই পুলিশ এসে ঘটনাস্থল থেকে বস্তাভর্তি মালামাল উদ্ধারসহ আহত চোর মিলনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়।
যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে চুরির ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পলাতক বাকি আসামিদের গ্রেফতারে এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ফাইল ছবি সংগৃহীত।


