জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলা পুলিশের দেশব্যাপী চলমান বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে জীবননগর থানা পুলিশ একটি সফল অভিযান পরিচালনা করেছে। অভিযানে ২৩১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ মাদকদ্রব্য ‘ইসকাপ’ (Eskuf) সিরাপসহ এক নারীসহ দুই পেশাদার মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে উপজেলার ধোপাখালী গ্রামস্থ জনৈক মোঃ আয়নালের গোডাউনের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাদের মাদকসহ আটক করা হয়।
জীবননগর থানা পুলিশের হাতে আটক হওয়া মাদক কারবারিরা হলেন— চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন আন্দুলবাড়ীয়া মীরপাড়া গ্রামের মোঃ মহিদুলের ছেলে মোঃ নুরুল (২২) এবং একই গ্রামের মোঃ আলেকের স্ত্রী মোছাঃ খাদিজা (৪৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ সোলায়মান শেখ এর প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সেকেন্দার আবু জাফর ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল ধোপাখালী এলাকায় অবস্থান নেয়। আজ সকাল সাড়ে আটটার দিকে আয়নালের গোডাউনের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন কয়েকজন মাদক কারবারি বস্তা বা ব্যাগসহ অবস্থানের চেষ্টা করলে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে। এ সময় তল্লাশি চালিয়ে নুরুল ও খাদিজার হেফাজত থেকে ২৩১ বোতল ক্ষতিকারক ভারতীয় আমদানি নিষিদ্ধ অবৈধ ইসকাপ সিরাপ উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে এই চক্রের আরও কয়েকজন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
জীবননগর থানা পুলিশ নিশ্চিত করেছে, গ্রেফতারকৃত আসামিসহ ঘটনাস্থল থেকে পলাতক অন্যান্য আসামিদের বিরুদ্ধেও জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ওসি মোঃ সোলায়মান শেখ গণমাধ্যমকে জানান, “চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদক নির্মূলে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত গলে আসা যেকোনো মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। আটককৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করছে।” ছবি সংগৃহীত।

