আন্তর্জাতিক ডেস্ক: এক হাতে পিস্তল সদৃশ বস্তু, অন্য হাতে মোটরবাইকের হ্যান্ডেল—কয়েক সেকেন্ডের এই রোমাঞ্চকর ভিডিওই শেষ পর্যন্ত রূপ নিলো বিভীষিকায়। ভারতের মধ্যপ্রদেশের মউগঞ্জ জেলায় বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে একই পরিবারের তিন ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ১৪ এপ্রিল ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওতে দেখা যায়, তিনটি তরুণ একটি মোটরসাইকেলে চড়ে অত্যন্ত দ্রুতগতিতে চলছিলেন। তাদের পেছনে আরেকটি মোটরসাইকেলে থাকা দুই বন্ধু পুরো ঘটনার ভিডিও ধারণ করছিলেন। দুটি বাইকই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এসময় ভিডিওতে দেখা যায়, আরোহীদের একজনের হাতে একটি পিস্তল সদৃশ বস্তু রয়েছে।
ভিডিওর শেষ অংশে দেখা যায়, তিন আরোহী সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিলেন। ঠিক সেই সময় সামনে একটি ইটবোঝাই ট্রলি চলে আসে। বাইকের গতি এতোই বেশি ছিল যে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ট্রলির পেছনে আঘাত হানে।
এই ভয়াবহ সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতরা হলেন— উপলক্ষ কোল, অমরিশ কোল ও হেমরাজ কোল। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। এছাড়া ভিডিও ধারণকারী দুই বন্ধু প্রশান্ত ও প্রদীপ দ্বিবেদীও দুর্ঘটনায় পড়ে গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ছবি ভিডিও থেকে নেয়া।
সূত্র-আন্তর্জাতিক সংবাদ সংস্থা

